‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে’
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্ধকারের অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি 'স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ-শেখ রাসেল' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, অন্ধকারের অপশক্তি সুযোগ পেলেই ছোবল মারবে, তাই এখন থেকেই সবাইকে সতর্ক থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির নাম্বার ওয়ান পৃষ্ঠপোষক। দেশের সব অপকর্ম ও সাম্প্রদায়িকতার জনক হচ্ছে বিএনপি। অপকর্মকারীদের কোনো দল নেই, এরা হচ্ছে দুর্বৃত্ত। জামায়াত ছাড়া বিএনপি অচল এবং জামায়াতের নির্ভরযোগ্য ছাতা হচ্ছে বিএনপি। ভেতরে ভেতরে জামায়াত-বিএনপি মধুর বন্ধনে আবদ্ধ, যা কোনোদিন বন্ধ হবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেনসহ অনেকে।