জাপার ভাইস চেয়ারম্যান হলেন শাফিন আহমেদ

স্টার অনলাইন রিপোর্ট 

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্যান্ড তারকা শাফিন আহমেদকে। 

আজ রোববার দুপুরে শাফিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'এটা আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ। অনেক বড় দায়িত্ব। ভালো লাগছে খুবই। আমি ২০১৯ সাল থেকে এই দলের হয়েছি।' 

তিনি আরও বলেন, 'জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় আনন্দিত হয়েছি। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলের নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২-এর তিন উপধারা মোতাবেক আমাকে এই পদে নিয়োগ দিয়েছেন।' 

ব্যান্ড তারকা শাফিন আহমেদ নন্দিত ব্যান্ড 'মাইলস'-এর গায়ক এবং সুরকার হিসেবে জনপ্রিয়। দলটির হয়ে বেজ গিটারও বাজান তিনি। সংগীতচর্চার পাশাপাশি একজন রাজনীতিবিদও শাফিন আহমেদ।