ডাকসুর সাবেক ভিপি নুর ও রেজা কিবরিয়ার নামে মামলার আবেদন
নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন হয়েছে।
আজ বুধবার এই মামলার আবেদন করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রামের জে এম সেন পূজামণ্ডপে সাম্প্রদায়িক হামলার মদদদাতা, রাষ্ট্র বিরোধী অপশক্তি জামাতের সঙ্গে জোট করার ঘোষণা ও ধর্মীয় উস্কানীমূলক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ ও সাইবার অপরাধ করার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন এই আবেদন করেন।
মামলার আবেদনে যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের নামও আছে।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, 'মামলাটি সাইবার ক্রাইম সংক্রান্ত। তাই আমরা এটি জিডি হিসেবে গ্রহণ করে সাইবার ট্রাইবুনাল ডিপার্টমেন্টে পাঠিয়েছি।'
মামলার আবেদন বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন রাজপথে নামতে পারছে না তখন আমরা একটু দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদেরকে বাধা দেওয়ার জন্য এই ধরনের মামলা সরকার করাচ্ছে। তাছাড়া মুক্তিযুদ্ধ মঞ্চ একটি ভূইঁফোড় দল। আমরা তাদের মামলা কোনো আমলে নিচ্ছি না। আমরা রাজনৈতিকভাবেই এগুলো মোকাবেলা করবো।'