ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধ, পুলিশের ‘মৃদু’ লাঠিচার্জ

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

কমিটি ঘোষণার ৪ দিন পর মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের 'পদবঞ্চিত' নেতা–কর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রীনগর থানা পুলিশ লাঠিচার্জ করে।

রোববার দুপুর ১ থেকে দুপুর ২টা পর্যন্ত ছনবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় ৩০-৪০ মিনিট যাবত এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে অবরোধ করে তারা। এসময় ঢাকামুখী ও শিমুলিয়াঘাটগামী যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে বসে অবরোধ করে। এসময় যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরি হয়। অবরোধ তুলে নিতে ছাত্রলীগ নেতাকর্মীদের বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিকে পুলিশ মৃদু লাঠিচার্জ করেছে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর রাতে উপজেলা ও শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। তার জের ধরেই সাবেক কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে।

শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রাব্বী জানান, অসাংগঠনিক উপায়ে রাতের আধারে শ্রীনগর থানা ও শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে বিএনপি-জামায়াত মতাদর্শের নেতাকর্মীরা পদ পেয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অবমাননাকর একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নতুন কমিটি বাতিল ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবিতে এ কর্মসূচি করা হয়।