তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এরকম কিছুই হবে না: কৃষিমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

'সংবিধান অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এরকম কোনো কিছুই গঠিত হবে না।'

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক আজ এই মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনে আসে না, বরং নির্বাচনকে ভয় পায়। তারা নির্বাচনে অংশগ্রহণ না করে চোরাগলি পথে ক্ষমতায় আসতে নানান পায়তারা করছে। কিন্তু ক্ষমতায় আসতে হলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে জয়ী হয়েই আসতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

কৃষিমন্ত্রী আজ শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুর পৌরসভা মিলনায়তনে করোনায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও দুঃস্থদের মাঝে শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মধুপুর পৌরসভা অনুষ্ঠানটির আয়োজন করে।

আব্দুর রাজ্জাক বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাদ্য সহায়তা দিয়েছেন-তা সারা বিশ্বে নজিরবিহীন।