তৈমুরকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকেও প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে, গত ২৬ ডিসেম্বর তৈমুর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক পদ থেকে প্রত্যাহার করা হয়। তার জায়গায় নতুন 'ভারপ্রাপ্ত আহবায়ক' নিয়োগ দেয় বিএনপি। যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবিকে এ দায়িত্ব দেওয়া হয়।

তৈমুর আলম খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ সিদ্ধান্তে আমি নেত্রীকে ধন্যবাদ জানাই। কারণ আমি শ্রমিক সংগঠন করি। আবার সেখানেই ফিরে গেলাম। ২০১১ সালে সিটি করপোরেশন নির্বাচনে আমাকে বসিয়ে দেওয়া হয়েছিল। তখন শুনেছি ক্ষমতাসীন দলের প্রার্থীকে নির্বাচিত করতে সুবিধা দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। এবারও কি ক্ষমতাসীন দলের প্রার্থীর জয়ের পথ সুগম করে দেওয়ার জন্য করেছে কিনা, সেটা আমি জানি না। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।'

তিনি আরও বলেন, 'প্রত্যাহার করায় আমার জন্য সুবিধা হয়েছে। এখন আমার আর কোনো অভিভাবক নেই। আমার অভিভাবক আমি ও আমার জনগণ। নির্বাচনে শেষ পর্যন্ত লড়ব।'

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, 'প্রত্যাহারে বিষয়ে শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।'

'আমাদের দল এ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন কর্মকাণ্ড আমরা করব না। তবে, আমি সিটি করপোরেশনের একজন ভোটার। তাই তৈমুর সাহেব প্রার্থী হিসেবে আমার কাছে ভোট চাইতে আসতেই পারে।'