দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ আছে: আইনমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার আশা, আগামী নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

রাঙ্গামাটিতে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিসুল হক আজ রোববার এ কথা বলেন।

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির যোগ দিতে অস্বীকৃতি এবং সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'নির্বাচন কমিশন এখন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বড় বিষয় নয়। সংলাপের পর নির্বাচন কমিশন কী বলে আমরা তা শোনার জন্য অপেক্ষা করব।'

রাঙ্গামাটিতে আদালত ভবনের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হলেও সেটা ছিল শুধুমাত্র কাগজে কলমে। বিচার বিভাগ পরিচালনার জন্য তখন প্রয়োজনীয় অবকাঠামো ছিল না।

তিনি বলেন, 'ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিচার বিভাগের অবকাঠামো নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে এবং সে অনুযায়ী রাঙ্গামাটিসহ ৩৪টি জেলায় মোট ৩৪টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হয়েছে।'

আনিসুল হক বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখতে অবকাঠামোগত সহায়তাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার, আইন সচিব মো. গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা প্রমুখ।