দেশে কিছু ভুঁইফোড় মানুষ মোটা তাজা হচ্ছে: মির্জা ফখরুল

স্টার অনলাইন রিপোর্ট

ক্ষমতাসীন দলের কিছু 'ভুঁইফোড় মানুষ হয়ে মোটা-তাজা হচ্ছে' বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, 'সরকারি হাসপাতালে গেলে কেউ চিকিৎসা পায় না, অর্থনীতিকে ধ্বংস করেছেন, ব্যাংকগুলোকে লুটপাট করে শেষ করে দিয়েছেন। কথায় কথায় বলেন বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল। মানুষ না খেতে পেয়ে রাস্তার পড়ে থাকে। আমাদের কৃষকেরা ধানের দাম পায় না, পণ্যের দাম পায় না, আমাদের শ্রমিক ভাইয়েরা মজুরী পায় না, আমাদের নিম্নবিত্ত আরও নিম্নবিত্ত হচ্ছে, মধ্যবিত্ত হচ্ছে নিম্নবিত্ত। দারিদ্র্যের সীমা আরও অনেক নিচে নেমে গেছে।'

তিনি বলেন, 'কিছু ভুঁইফোড় মানুষ মোটা তাজা হচ্ছে। জনগণের পকেট কেটে তারা লুটপাট করে কানাডার বেগমপাড়ায় বাড়ি বানাচ্ছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি করে টাকা পাচার করে দিচ্ছে। সেখানে এই দেশ এই রাষ্ট্রকে আজকে এমন এক অবস্থায় নিয়ে গেছে তারা।'

খালেদা জিয়ার বিদেশে যাওয়া অনুমতিতে সরকারের বাধা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'এই সরকার দেশনেত্রীকে চিকিৎসার জন্য বাইরে যেতে দিতে চায় না। কেন? একবারও কি চিন্তা করেন না যে এই দেশের ১৬ কোটি মানুষ আমার মা-বোনেরা রোজা রাখছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। কোটি কোটি মানুষের এই যে অভিশাপ আপনারা নিচ্ছেন এবং সেই অভিশাপ নিঃসন্দেহে আপনাদেরকে অভিশপ্ত করবে।'

'আমি শুধু বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো এই সরকারের জন্য দরকার। কারণ আল্লাহ না করুন তার যদি কোনো ক্ষতি হয় দেশের মানুষ আপনাদেরকে রেহাই দেবে না, আপনাদেরকে রেহাই দেবে না। আর কাল বিলম্ব না করে দেশনেত্রীকে মুক্তি দিয়ে তার চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ করুন। অন্যথায় আপনারা এর জন্য সর্বাংশে দায়ী থাকবেন।'

লিভার সিরোসিস রোগে আক্রান্ত খালেদা জিয়া গত ১৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। হাসপাতালের মেডিকেল বোর্ড তাকে বিদেশে উন্নত সেন্টারে নেওয়ার সুপারিশ করেছে। বিদেশে যাওয়ার অনুমতির জন্য খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ইতোমধ্যে সরকারের কাছে আবেদন করেছেন। তবে সেই আবেদনের এখনো কোনো সুরাহা হয়নি।