নাটোরে শোক দিবসে আ. লীগ-স্বেচ্ছাসেবক লীগের ‘পাল্টাপাল্টি’ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোরে জাতীয় শোক দিবসের কর্মসূচিকে ঘিরে একই জায়গায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ এবং নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ। সম্প্রতি ক্ষমতাসীন দলের নাটোর জেলা কমিটি ও তার সহযোগী সংগঠনের কোন্দল প্রকাশ্যে চলে আসার পরে একই জায়গায় কর্মসূচি ঘোষণা করায় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

একই অভিযোগ তোলা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে। সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন দ্য ডেইলি স্টারকে বলেন, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আমরা আগেই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল উদেশ্যমূলকভাবে একই জায়গায় তাদের কর্মসূচি ঘোষণা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, আওয়ামী লীগ যেখানে কর্মসূচি ঘোষণা করেছে, একই জায়গায় সহযোগী সংগঠনের ভিন্ন কর্মসূচি করা অশোভন। তারপরও স্বেচ্ছাসেবক লীগ যদি ওই জায়গায় কর্মসূচি পালন করতে চাইলে তাদের বাধা দেওয়া হবে না।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা ডেইলি স্টারকে বলেন, একই জায়গায় কর্মসূচি হলেও পাল্টপাল্টি নয়। কানাইখালীতে স্বেচ্ছাসেবক লীগের দিনব্যাপী কর্মসূচি চলবে। জেলা আওয়ামী লীগ দুপুরে শুধুমাত্র খাবার বিতরণ করবে। জেলা আওয়ামী লীগের মূল কর্মসূচি হবে দলীয় কার্যালয়ে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে জন্য প্রয়োজনীয় প্রস্ততি পুলিশের আছে।

স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, এরপর কানাইখালী মাঠে শহীদ মিনারে এক মিনিট নিরবতা পালন, সকাল ১১টায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা ও দুপুর ১২টায় খাবার বিতরণ কর্মসূচি পালন করা হবে।

এরপরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। জেলা আওয়ামী লীগ দুপুর সাড়ে ১২টায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কর্মহীনদের মধ্যে ও পৌনে ২টায় সর্বস্তরের মানুষের মধ্যে খাবার বিতরণ করবে।