নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনের আগে এ সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। তারা ভয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আসতে চায় না।

আজ শুক্রবার বিকেল ৪টায় গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'নির্বাচন ব্যবস্থা শেষ। রাষ্ট্রপতি হামিদ সাহেব বিভিন্ন দলের নেতাদের ডেকে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলছেন। অথচ নির্বাচন কমিশন কাজই করতে পারে না। এখন আর কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যায় না। অতি সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৪০০ বেশি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।'

তিনি আরও বলেন, 'মানুষ কোথাও নিরাপদ নয়। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ ধ্বংস হতে থাকবে। তাদের মেয়াদ ফুরিয়ে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬ সদস্যের নামে আমেরিকা সরকার সেংশন জারি করেছে। আমেরিকায় তাদের প্রবেশাধিকার বন্ধসহ আরও নানা বিষয়ে বাধা দিয়েছে।'

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'এ সরকার ৪ হাজার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে। শতাধিক সাংবাদিককে হত্যা করেছ। গাজীপুরে ক্রসফায়ার হয়েছে, গাজীপুরে গুম হয়েছে, সারাদেশে ৫০০ বেশি নেতা-কর্মীকে গুম করা হয়েছে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সমগ্র দেশেই এ অবস্থা। বিএনপি নেতা ইলিয়াস এখনো ফিরে আসেনি। তার কন্যা এখনো বাবার পথ চেয়ে বসে থাকে। হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে। কয়েকদিন আগে পত্রিকায় বেরিয়েছে ৪২ লাখ কোটি টাকা এই কয়েকবছরে আ. লীগের নেতা-কর্মীরা লুট করে বিদেশে পাচার করেছে। কানাডায় বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি হয়েছে।'

'তারা কথা দিয়েছিল ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। কিন্তু চালের কেজি এখন ৭০ টাকা। স্বাস্থ্য শিক্ষা কোনো ব্যবস্থা এখন আর স্বাভাবিক নেই। খবর প্রকাশ হয়েছে, ঢাবি'র একটি বিভাগে ভর্তি পরীক্ষায় ৯৪ ভাগ অকৃতকার্য হয়েছে,' বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, 'সংবিধান লঙ্ঘন করবেন না। ব্যক্তির নিরাপত্তা নয়, জনগণের নিরাপত্তার জন্য আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে। নানা প্রতিকূলতার পরও ১৫ বছর পর বিএনপি গাজীপুরে সমাবেশ করতে সক্ষম হয়েছে।'