নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানিকগঞ্জে জাসদের মানববন্ধন
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শহরের শহীদ রফিক সড়কের পাশে জাসদের মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বক্তারা বলেন, সারাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর একের পর এক হামলা হচ্ছে। কিন্তু কোন ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না।
সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ে এসব হামলা হচ্ছে কিনা- এমন প্রশ্ন তুলে তারা আরও বলেন, এসব হামলা ঠেকাতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে সাথে নিয়ে তা প্রতিহত করতে হবে।
প্রায় আধঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম চৌধুরী, ঘিওর উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খান এবং জেলা যুবজোটের সাধারণ সম্পাদক সোলায়মান খান।
মানববন্ধন শেষে জেলা জাসদ কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা বীর মু্ক্তিযোদ্ধা কর্ণেল আবু তাহেরের ৪৬তম 'হত্যা দিবস' উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

