পটুয়াখালীতে বিএনপির গণঅনশনে ‘ছাত্রলীগের’ হামলা, আহত ৮

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে গণঅনশনে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। তারা দাবি করেছেন, এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে শহরের বনানী এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। 

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মাহবুব হোসেন জানান, আহতদের মধ্যে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. শাহিন মিয়া ওরফে ভিপি শাহিন, জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সীমা, সদস্য কহিনুর, সালেহা বেগম, শ্রমিক দলের বাদশা বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে গণঅনশন কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ নেতা আরিফ তানভীর। তারা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পিটিয়ে আহত করেন এবং ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেন।

কাজী মাহবুব হোসেন আরও জানান, সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে দলীয় কার্যালয়ের ভেতরে কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে।

তবে জেলা ছাত্রলীগ নেতা আরিফ তানভীর এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের কেউ এ হমালায় জড়িত না। এটা তাদের দলের অভ্যন্তরীণ কোন্দল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, হামলার কোনো তথ্য আমার জানা নেই। কেউ এখন পর্যন্ত লিখিত বা মৌখিক অভিযোগ করেনি।