‘পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করার দিন শেষ হয়ে গেছে’
পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকার মাঠে অনুষ্ঠিত বিএনপির ওই সমাবেশের মঞ্চ আংশিক ভেঙে পড়ে। ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ ওঠায় মঞ্চটি ভেঙে পরে বলে জানা গেছে। সমাবেশ চলাকালীন দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, '১৪৪ ধারা দিয়ে বিএনপির সমাবেশ বন্ধ করা যাবে না। আর কথায় কথায় পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করতে হবে ওই দিনও শেষ হয়ে গেছে।'
তিনি আরও বলেন, 'জনগণ এখন রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়েছে। তারা সরকারের দমন নীতির বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেবে।'