পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উপজেলা যুবলীগ নেতার
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় এক যুবকের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় সদর থানা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব।
তিনি দাবি করেছেন, 'কোনো অজ্ঞাত কারণে সদর থানা পুলিশ একটি পক্ষের হয়ে একপেশে ভূমিকা পালন করছে।'
উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব দাবি করেছেন, হাত বিচ্ছিন্ন হওয়া যুবক নাদিম খান (২৫) যুবলীগের কর্মী এবং তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পিরোজপুর প্রেসক্লাবে আজ শনিবার দুপুরে উপজেলা যুবলীগ আয়োজিত সংবাদ সম্মেলন এসব দাবি করেন যুবলীগের এই নেতা।
কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব অভিযোগ করেন, 'নৃশংস এ ঘটনার পরও পুলিশ উল্লেখযোগ্য কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া, গত বছরের ৮ ডিসেম্বর পার্শ্ববর্তী শিকদার মল্লিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীনের দুই পা ভেঙে দেওয়ার ঘটনায় প্রথমে সদর থানা মামলা গ্রহণ করেনি। এরপর আদালতের নির্দেশে মামলা নিলেও কোন আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ।'
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা যুবলীগের নেতারা ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
তবে, যুবলীগ নেতার এই অভিযোগ অস্বীকার করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজ্জামান।
ওসি বলেন, 'সদর থানায় যোগদানের পর কদমতলায় মাত্র ২টি হামলার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট আছে।'
এর আগে, গত বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় নাদিম খানের (২৫) হাত বিচ্ছিন্ন হয়ে যায়।