‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, আ. লীগ নেতাসহ আটক ৩

নিজস্ব সংবাদদাতা, নাটোর

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দীন মিলনসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক বাকি দুজন হলেন— বঙ্গবন্ধু সৈনিক লীগ নাটোর জেলা শাখার সহসভাপতি বাশারতুল্লাহ বাশার (৩৫) ও যুবলীগ কর্মী মোহাম্মদ হিমেল (১৮)। গতকাল রাতে তাদের আটক করা হয়।

জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলন ফোন করে অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তার ওপর হত্যা উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এ সময় তারা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি এবং দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। মিলন প্রতিপক্ষের কয়েকজনের নামও জানান।

সিসিটিভি ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সামান্য হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে শায়েস্তা করতে নিজেরাই তারা ভাঙচুর চালিয়েছে। আটকের পরে দুই জন নিজেদের অপরাধ স্বীকার করেছেন— বলেন জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি পেতে হবে। রাজশাহী থেকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।