ফেনীতে একই স্থানে বিএনপি ও যুবলীগের সভা আহ্বান, ১৪৪ ধারা জারি
ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একই স্থানে বিএনপি ও যুবলীগ সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
আজ রাত ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি ও যুবলীগ ওয়াপদা মাঠে সভা আহ্বান করায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সেখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিএনপিকে মঙ্গলবার ওয়াপদা মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়ার হয়েছিল। কিন্তু, বিশেষ কারণে সভা স্থগিত করা হয়। বুধবার সভা করার জন্য আবারও জেলা প্রশাসনের কাছে তারা আবেদন করেন। কিন্তু, পুলিশ প্রশাসনের মতামত চেয়ে তা পাওয়া যায়নি। বুধবার দুপুরে ওই মাঠে সভা করার জন্য জেলা যুবলীগের পক্ষ থেকেও আবেদন করা হয়েছে। তাদেরকেও অনুমতি দেওয়া হয়নি।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলায় মহাসমাবেশ আহ্বান করা হয়েছে। এর আগে জেলা প্রশাসনের নিকট সভার অনুমতির জন্য আবেদন করা হয়। তাতে শহরের মিজান ময়দান, ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর অথবা শহরের ট্রাংক রোডে প্রেসক্লাবের সামনে সমাবেশের বিকল্প স্থানের অনুমতি চাওয়া হয়। পরে জেলা প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মঙ্গলবার দুপুর ২টায় সভা করার জন্য স্থান হিসেবে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়াপদা মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। কিন্তু, ফেনীর সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারীর আকস্মিক মৃত্যু ও মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত জানাজার কারণে বিএনপির সমাবেশের অনুমতি থাকা স্বত্বেও স্থগিত ঘোষণা করা হয় এবং মঙ্গলবারের সমাবেশ বুধবার দুপুর ২টায় ঘোষণা করা হয়। জেলা প্রশাসন থেকে সভার পূর্ব অনুমতির জের ধরে আবারও জেলা প্রশাসনের নিকট বুধবার সভা করার জন্য আবেদন করা হয়।
তিনি অভিযোগ করেন, বিএনপির সভা ভণ্ডুল করতে পরিকল্পিতভাবে একই স্থানে জেলা যুবলীগ কর্মীসভা ডেকেছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী জানান, তারা কাল বুধবার দুপুর ১২টায় শহরের ওয়াপদা মাঠে কর্মীসভা আহ্বান করেছে। সভা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের নিকট অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।