বিএনপি চায় ক্ষমতায় এলে আবারও মাইনোরিটি নিপীড়ন: কাদের
বিএনপি দেশের ভালো তারা চায় না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা চায় নিজেদের ভাগ্যের উন্নয়ন, নিজেদের পকেটের উন্নয়ন। তারা চায় ক্ষমতায় এলে আবারও হাওয়া ভবন, আবারও মাইনোরিটি নিপীড়ন, হত্যা-খুনের রাজনীতি, আরেকটা ২১ আগস্ট।
আজ বহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন হাজারীবাগ থানার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিবের উদ্দেশে কাদের বলেন, ১৩ বছরে বোঝেননি? কত ডাক দিলেন, রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর; আপনাদের ডাকে জনগণ কী সাড়া দিয়েছে। রিমোট কন্ট্রোল ডাকে আন্দোলন এ দেশে হবে না। আন্দোলন যদি করতে চান, আপনাদের নেতাকে বলেন, সৎ সাহস থাকলে মাঠে আসুন, মাঠে মোকাবিলা হবে। খেলা হবে। সেখানেই দেখা যাবে জনগণ কার সঙ্গে আছে। আপনারা ব্যর্থতা দেখেন যারা এ দেশে ক্ষমতার রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আমি বুঝি না, দেশ ভালো থাকলে একটা রাজনৈতিক দলের নেতাদের মন কেন খারাপ হয়! এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই।
তিনি বলেন, বিএনপি আরেকটা ১৫ আগস্টের ভয় দেখায়। হুমকি দেয়, তারপরও বলে সরকার তাদের কথা বলতে দেয় না। দেশে গণতন্ত্র নেই। কীভাবে গণতন্ত্র আসবে? স্থানীয় সরকার নির্বাচন করতে করতে এক পর্যায়ে আপনারা বয়কট করলেন। এখনো নির্বাচনের বিরুদ্ধে নানা কথা বলছে। নির্বাচনে বিএনপি আসবে, আসতে হবে। অস্তিত্বের জন্য আসতে হবে। খাদের কিনারায় এসে গেছে, রক্ষা করতে হলে আসতে হবে। ক্ষমতার পরিবর্তনে এ দেশের নির্বাচনের পরিবর্তে অন্য কোনো উপায় নেই। আজকে বাংলাদেশে পাওয়ার সংকট নেই। যেটুকু আছে সেটা সাময়িক। জ্বালানি, খাদ্যে আমাদের অভাব নেই।
শেখ হাসিনার ওপর আস্থার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি যা বলেন তা করেন। ক্ষমতায় বসে নিজেদের ভাগ্যোন্নয়নের মানসিকতা নেই। বাংলাদেশের ৪৭ বছরে শেখ হাসিনার মতো সৎ, পরিশ্রমী, ত্যাগী নেতা—যিনি দিন-রাত দেশের কথা বলেন, এ রকম নেতা দেশে আর আসেনি।