শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিবহন মালিক-শ্রমিকদের অনুরোধ করে বলেছেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন।
ঢাকায় বেশকিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন না করার অভিযোগ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?'
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে দলটির নেতাদের বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, 'আইন-আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।'
বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকার বাধা—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?'
তিনি আরও বলেন, 'এই সরকার অবৈধ কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।'