শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়, দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে আ. লীগ থেকে বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

উপজেলা শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জামালপুর জেলা আ. লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

মেয়র শাহনেওয়াজ শাহানশাহ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ওই অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে গালিগালাজ ও চড়-থাপ্পড় মারেন।

এ ঘটনার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানান ওই শিক্ষা কর্মকর্তা। একইসঙ্গে তিনি থানায় একটি মামলা করেন।

গতকাল ১৯ ডিসেম্বর দুপুরে পৌর মেয়রের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে গতকাল রাতে পৌর মেয়রকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বহিষ্কারাদেশ দেন।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ্ জানান, মেয়র শাহনেওয়াজ শাহানশাহ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যা দলের জন্য বিব্রতকর। অসাংগঠনিক কার্যকলাপে লিপ্ত থাকায় এবং দলের শৃঙ্খলা ফেরাতে শাহনেওয়াজ শাহানশাহকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কারপূর্বক অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনার পরদিন মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'আমার সঙ্গে শিক্ষা কর্মকর্তার সামান্য ঝামেলা হয়েছিল। কিন্তু, আমি তাকে মারধর করিনি। আমার বিরুদ্ধে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।'

তবে, বহিষ্কারের বিষয়ে জানতে আজ মেয়রের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।