সংকট থেকে দৃষ্টি সরাতে সরকার হামলার ঘটনা ঘটাচ্ছে: ফখরুল
দেশের সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরাতে সরকার হামলার ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
ফখরুল বলেন, 'ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য এ দেশের যে অর্জনগুলো সেগুলো সমস্ত বিসর্জন দিয়েছে এবং তা ধ্বংস করে আজকে আওয়ামী লীগ এসব ঘটনা ঘটাচ্ছে। সরকার তার যে এজেন্টদের দিয়ে এই ঘটনা ঘটিয়ে আমাদের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তার থেকে দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য যে সংকটগুলো রয়েছে দেশে— দ্রব্যমূল্য, মানুষের নিরাপত্তার অভাব সব দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে চেষ্টা করছে এই ধরনের ঘটনা ঘটিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য।'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা মন্দিরে হামলা করেছে তাদের পেছনেও সরকারের মদদ আছে। কুমিল্লার ওসিকে এখনো কেন বরখাস্ত করা হয়নি? সরকার এখন গোয়েন্দা-আমলা নির্ভর, সরকার জনগণ নির্ভর না— সেই কারণেই আছে। জনগণ বিশ্বাস করছে এটা সরকারের কাণ্ড। রাজনৈতিক কারণে আজ ঘোলা পানিতে মাছ শিকার করে গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার সর্বশেষ প্রচেষ্টা এই সরকারের আছে।