সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড একমাত্র বিএনপির: কাদের

বাসস

সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড এ দেশে একমাত্র বিএনপির—এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বিএনপির শাসন আমলে তারা হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা, নির্যাতন চালিয়েছিল তার নজির আর নেই।

আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

'বর্তমান সরকারের শাসন আমলে হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদ নয়,' বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনলে মনে হয়, 'বানরে সংগীত গায়, শিলা জ্বলে ভাসে।'

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, যারা বিদ্যুতের পরিবর্তে খাম্বা দিয়েছিল, তাদের মুখে বিদ্যুতের কথা মানায় না।
প্রতিদিন কোনো না কোনো বিষয়ে মিথ্যাচার করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। আপনারা দেশের জন্য কী উন্নয়ন করেছেন, যা থেকে জনগণের কাছে ভোট চাইবেন?

তিনি আরও বলেন, মানুষ উন্নয়ন ও কাজ চায়। শেখ হাসিনা উন্নয়ন ও কাজ করে যাচ্ছেন, তাই জনগণ শেখ হাসিনার ওপর খুশি আর বিএনপির মন খারাপ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নেতার সঙ্গে কর্মীর এবং কর্মীর সঙ্গে জনগণের সেতু নির্মাণ করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে। আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য। আগামী জাতীয় নির্বাচনের সময় বেশি দিন নেই, তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

রাজপথে সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্রের মোকাবিলা করার প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।