সংসদ সদস্য আলী আশরাফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রবীণ রাজনীতিবিদ ও কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় চান্দিনা মহিলা কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এতে কুমিল্লা জেলা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সামাজিক-সাস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতা, জেলা প্রশাসনের কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

দুপুরে (বাদ জোহর) উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় এবং বাদ আসর তার নিজ বাড়ি গল্লাই গ্রামে চতুর্থ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে ঢাকায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল দুপুর ৩টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী আশরাফ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

গত ৯ জুলাই তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে ১১ জুলাই তাকে আইসিইউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় গত ২৩ জুলাই থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আলী আশরাফ ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৭৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি মোট পাঁচ বার জাতীয় সংসদে সাংসদ নির্বাচিত হন। ১৯৭৩, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০০ সালে কিছু দিন তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদকও ছিলেন।