সরকারের সময় শেষ হয়ে এসেছে, তাই নির্বাচন করতে ভয় পায়: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে, তাই নির্বাচন করতে ভয় পায়।
তিনি বলেন, 'সরকার সংলাপের নামে অর্থহীন তামাশা করছে। আমরা এই তামাশার সংলাপ চাই না। এই সরকারের পদত্যাগ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।'
আজ মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে তিনি বলেন, 'বিনা চিকিৎসায় খালেদা জিয়ার কিছু হলে তার দায় এই সরকারকেই নিতে হবে।'
ফখরুল আরো বলেন, 'সরকার সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে হত্যা করে দেশে বাকশাল কায়েম করেছে। দুর্নীতির দায়ে সরকারের উচ্চ পর্যায়ের ৬০ জনকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।'
'ডিজিটাল আইন দিয়ে কলমযোদ্ধাদের হাত বেঁধে রেখেছে,' যোগ করেন তিনি।
জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মইনুল ইসলাম খান শান্ত, খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর প্রমুখ।