সরকার নিজের অপকর্মের ভারে পতনের মুখে: মোশাররফ

স্টার অনলাইন রিপোর্ট

আওয়ামী লীগ সরকার নিজের অপকর্মের ভারে পতনের মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার 'মানবাধিকার ইস্যু এবং বাংলাদেশের ভাবমূর্তি' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

এতে মূল প্রবন্ধ পাঠ করেন সারোয়ার হক মজুমদার শিমুল।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার প্রসঙ্গে টেনে তিনি বলেন, গতকাল চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলো। এই নির্বাচনে কী পরিমাণ সন্ত্রাস হতে পারে, কী পরিমাণ মারামারি হতে পারে, কী পরিমাণ মানুষ মৃত্যুবরণ করেছে আপনারা দেখেছেন। বর্তমান সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধবংস করে দিয়েছে। এটা পরিষ্কার, এই সরকারের অধীনে গণতন্ত্র আসবে না, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে আসবে না।

এ থেকে উত্তরণে সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, 'এই সরকার নিজের অপকর্মের ভারে পতনের মুখে। গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। এখন আমাদের জনগণকে সঙ্গে নিয়ে একটা ধাক্কা দেওয়া বাকি। সেই ধাক্কাটা দিতে আসুন সকলে সংগঠিত হই। এই সরকারকে হঠিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া আর কোনো বিকল্প নেই।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামুসজ্জামান দুদু, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও সাবেক রাষ্ট্রদূত সাকিব আলীসহ অনেকে।