সিরাজগঞ্জে আ. লীগ-বিএনপি সংঘর্ষ: গ্রেপ্তার আরও ৪
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা বিএনপির দুজন শীর্ষ স্থানীয় নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন, বিএনপি কর্মী রেজাউল করিম ও ইমন বাশার।
শ্যামল কুমার দত্ত আরও বলেন, রানা ও রঞ্জনের বিরুদ্ধে মামলা থাকায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা দায়ের হয়। সেই মামলার আসামি রানা ও রঞ্জন। ৪ মামলায় ৭ শতাধিক আসামি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশের আগে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ৫০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩টি ও স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, আলিম হোসেন ও মাহামুদ হাসান বাদী হয়ে ৩টি পৃথক মামলা দায়ের করেছেন। এ ছাড়া সিরাজগঞ্জ রেলওয়ে কলোনির আওয়ামী লীগ কর্মী
উজ্জ্বল হোসেন বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন।