সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কর্মীরা শহরে মিছিল নিয়ে আসার সময় ইলিয়েট ব্রিজ এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়।'

দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলেছে বলে জানান তিনি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্থানীয় সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দেওয়ার জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। এরপরই সংঘর্ষ বাধে।

সংঘর্ষে বিএনপির প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে, সিরাজগঞ্জ জেলা যুবলিগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল সাংবাদিকদের জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিভিন্ন ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে। তারা উস্কানিমুলক স্লোগান দিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে আওয়ামী লীগের প্রায় ২০ জন আহত হন।

উভয় দলের আহতদের সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিরাজগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আজ বিকেলে সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহামুদ টুকু এ সমাবেশে বক্তব্য রাখেন।