১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ অস্বীকার এমপি মোছলেম উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মনোনয়ন বাণিজ্যে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগের এমপি মোছলেম উদ্দিন আহমেদ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন পাইয়ে দিতে মোছলেম উদ্দিনের বিরুদ্ধে ১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ ওঠার পর সংবাদ সম্মেলন করে তিনি আজ অভিযোগ অস্বীকার করলেন।

মোছলেম উদ্দিনের দাবি, একটি স্বার্থান্বেষী মহল তার ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে।

চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। মোছলেম উদ্দিন আওয়ামী লীগের এই ইউনিটের সভাপতি।

গত বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে স্ট্যাটাসে মোছলেম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন দক্ষিণ জেলা যুবলীগের সহ–আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি চট্টগ্রাম জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলিও।

capture.jpg

অভিযোগে তিনি বলেন, সাতকানিয়া উপজেলার একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার জন্য তিনি মোসলেম উদ্দিনের নামে ১৫ লাখ টাকার চেক দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে চেক পৌঁছে দেওয়া হয়। চেক নিয়েও মোসলেম উদ্দিন তার নাম দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠাননি।

ফেসবুক স্ট্যাটাসে কামাল তার চেক ফিরিয়ে দেওয়ার দাবি জানান, অন্যথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিযোগ করার হুমকি দেন।

এ ব্যাপারে মোছলেম উদ্দিন আজ বলেন, মনোনয়ন দেওয়ার ক্ষমতা তার নেই। কে মনোনয়ন পাবে এটা নির্ধারণ করে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

তিনি বলেন, 'আমার বিরুদ্ধে কামালের কোনো অভিযোগ থাকলে তিনি দলের প্রধানকে এটা জানাতে পারতেন। কিন্তু তিনি এটা না করে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।'