রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে যান, নেতা-কর্মীদের ফখরুল
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাজপথে নামার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি নেতা-কর্মীদের এ নির্দেশ দেন।
তিনি বলেন, রাস্তায় না নামলে কিছু হবে না, রাস্তা দখল করে হবে। আপনারা সবাই তৈরি হয়ে যান। আমরা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে টেনে হিঁচড়ে নামাবো এবং আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।
এ সময় কর্মীরা 'হরতাল, হরতাল' শ্লোগান দিতে থাকলে বিএনপি মহাসচিব বলেন, 'হরতাল দিও। আগে রাস্তা দখল করো।'
আগামী বৃহস্পতিবার থেকে প্রতিটি অঙ্গসংগঠন বিক্ষোভ করবে জানিয়ে ফখরুল বলেন, পরবর্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএনপি মহাসচিব বলেন, অনেক কথা বলেন। বলেছেন যে, বিএনপির নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দেবেন। হারিকেন ধরানোর সময় শেষ আপনাদের। হারিকেন ধরানোর টাইম পাবেন না, পেছনের রাস্তায় দিয়ে যাওয়ারও সময় পাবেন না। এ রকম বহু ঘটনা আছে। শ্রীলঙ্কায় বাটোয়া রাজাপাকসে পালাতে গিয়েও সহজে পালাতে পারছিল না, আর প্রধানমন্ত্রী তো পালাতেই পারেনি, মালদ্বীপে গিয়ে বসে আছে। পালাতে চাইলেও জনগণ পালাতে দেয় না সেই কথাগুলো মনে রাখবেন।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গত ১৫ বছরে আপনারা এই দেশটাকে একটা শ্মশানে পরিণত করেছেন, গত ১৫ বছরে এই বাংলাদেশকে একটা পুরোপুরি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছেন এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন।
ভোলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ বাহিনী শুধু আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্র যন্ত্রকে সম্পূর্ণ ব্যবহার করে তারা একতরফা হত্যা-নির্যাতন করে চলেছে।