১ বছর অফিসে আসেন না গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী

এস দিলীপ রায়
এস দিলীপ রায়

লালমনিরহাটে গণপূর্ত অধিদপ্তর কার্যালয়ের একটি কক্ষ দীর্ঘদিন ধরে তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। সেটি হলো সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনের কক্ষ।

গত প্রায় ১ বছর ধরে কক্ষটি এভাবে তালাবদ্ধ রয়েছে। কক্ষটি যার জন্য তিনি অফিসেই আসেন না। অফিসের সহকারী প্রকৌশলীর পদও একটি। তিনি অফিসে না আসায় অনেক ফাইলপত্র স্তুপ জমে গেছে।

লালমনিরহাট গণপূর্ত অফিস সূত্র জানিয়েছে, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন রংপুর থেকে গত বছরের নভেম্বরে লালমনিরহাটে যোগ দেন। এরপর তিনি বাড়িতে চলে যান। আর অফিসে আসেননি।

খুব বেশি প্রয়োজনীয় ফাইল থাকলে অফিসের পিয়ন তা আনোয়ার হোসেনের বাড়িতে নিয়ে যান বলে সূত্র জানায়।

নাম প্রকাশ না করার শর্তে ওই অফিসের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজন সহকারী প্রকৌশলীর দীর্ঘদিন অনুপস্থিতির কারণে অফিসের কাজ অনেক পিছিয়ে যাচ্ছে। অফিসের অন্য স্টাফরাও অসন্তোষ হয়ে পড়ছেন।'

সহকারী প্রকৌশলীর কাজের চাপ সামলাতে হচ্ছে উপসহকারী প্রকৌশলীকে উল্লেখ করে তিনি আরও বলেন, 'অফিসে সহকারী প্রকৌশলীর কক্ষটি দিনের পর দিন তালাবদ্ধ থাকছে। তা দেখতেও ভালো লাগে না।'

তিনি অফিসে আসছেন না কিন্তু নিয়মিত বেতন-ভাতা ভোগ করছেন বলেও সেই কর্মকর্তা।

সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমি লালমনিরহাট অফিসে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ি। দীর্ঘদিন অসুস্থ থাকায় আমি অফিসে যেতে পারিনি। এখন একটু সুস্থ হয়েছি। আশা করছি আগামী এক সপ্তাহ পর নিয়মিত অফিসে যেতে পারবো।'

তিনি আরও বলেন, 'আমার অনুপস্থিত থাকার কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।'

লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ আল মামুন ডেইলি স্টারকে বলেন, 'সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন লালমনিরহাট অফিসে নতুন ও অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন সেই বিষয়টিই আমার জানা নেই।'

বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।