৩৭ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি’ পুরস্কার

স্টার অনলাইন রিপোর্ট

'ব্লেন্ডারস চয়েস: দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১' প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ডিজিটাল বিনোদনের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ওটিটি প্লাটফর্ম। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ওটিটি ও ডিজিটাল কনটেন্টের চাহিদা বাড়ছে। ফলে, বাংলাদেশেও গড়ে উঠেছে ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্ম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান, ইস্পাহানি টি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) দিদারুল হাসান, মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু, হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান ও দ্য ডেইলি স্টারের হেড অব বিজনেস শুভাশীষ রায়।

received_548821186485524.jpeg
দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

নাজিবা বাশারের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নির্মাতা আশফাক নিপুণ, মৌটুসী বিশ্বাস, মিশু সাব্বির, খায়রুল বাশার, কাজল আরেফিন অমি, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, কণ্ঠশিল্পী প্রীতম হাসানসহ অনেকেই।

মোট ৩৭ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ডস দেওয়া হবে। যারা ইতোমধ্যে ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ইতিবাচক প্রভাব রেখেছেন তাদের এই পুরস্কার দেওয়া হবে। যৌথভাবে অভিজ্ঞ জুরি প্যানেল ও দর্শকের ভোটে যোগ্য শিল্পী ও কলাকুশলীদের নির্বাচিত করে সম্মানিত করা হবে।

২০২০ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মুক্তি পাওয়া টিভি সিরিজ ও চলচ্চিত্রসহ যে কোনো ডিজিটাল কনটেন্টের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা 'ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১' এর অফিসিয়াল লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। তবে, অবশ্যই আগামী ১০ মে'র মধ্যে আবেদন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট: http://ottdcawards.thedailystar.net/