শির সঙ্গে ‘দারুণ’ বৈঠক হয়েছে: ট্রাম্প
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘দারুণ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্টের তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দুই নেতার এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিবিসি।
শি হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন ট্রাম্প। পরে দুই নেতা একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। এতে প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের কর্মকর্তারাও যোগ দেবেন।
বৈঠকের আগে ট্রাম্প বলেন, দুই দেশের সামনে থাকা বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীন ‘ব্যাপক অগ্রগতি’ করেছে।
শি বলেন, চীনের চেংদু থেকে আটলান্টার একটি চিড়িয়াখানায় দুটি জায়ান্ট পান্ডা পাঠানোর সিদ্ধান্ত সেই প্রচেষ্টারই প্রমাণ।
ট্রাম্প আরও বলেন, বৈঠকে নিরাপত্তা, প্রযুক্তি ও ‘সুপার ইন্টেলিজেন্স’ নিয়ে আলোচনা করবেন তারা।
অন্যদিকে শি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অব্যাহত সংলাপের’ আহ্বান জানান। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানিগুলোকে ‘ন্যায্যভাবে বিবেচনা করা হবে’।