খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনায় করোনা চিকিৎসা দেওয়া চারটি হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয় জনের করোনা পজিটিভ ছিল। বাকি একজনের করোনা উপসর্গ ছিল।’

এ ছাড়া, ১৩০ শয্যার এ করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৬৩ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেড জোনে ৮৭ জন, ইয়ালো জোনে ৩৭ জন, এইচডিইউতে ১৯ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৬২ জন। এ ছাড়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১২ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে চার জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৮৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে সাত জন এবং এইচডিইউতে আট জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।