চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্ত ৩৬.৮৯ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন হাজার ৪৫০টি নমুনা পরীক্ষা করে এক হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৮৯ শতাংশ।
আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত এক হাজার ২৭৩ জনের মধ্যে ৮৩৫ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৪৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ১৭ জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ১০ জন, বাঁশখালীর ২৩ জন, আনোয়ারার ২৫ জন, চান্দনাইশের সাত জন, পটিয়ার সাত জন, বোয়ালখালীর ৫৯ জন, রাঙ্গুনিয়ার ৪০ জন, রাউজানের ৩০, ফটিকছড়ির ৫৯, হাটহাজারীর ৯৬ জন, সীতাকুণ্ডের ২৩, মীরসরাইয়ের ১৭ জন ও ২৫ জন সন্দীপ উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৬৩ হাজার ৬১৫ ও ২১ হাজার ৫২৯ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৫৯১ ও উপজেলা পর্যায়ের ৪০৩ জনসহ মোট ৯৯৪ জন মারা গেছেন।