ফেনীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ২০০, হার ৪২.৬৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন। তাদের সবাই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে ৪৬৯ জনের নমুনা পরীক্ষায় একদিন সর্বোচ্চ ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২.৬৪ শতাংশ।

আজ সোমবার বিকেলে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

ফেনীতে এ পর্যন্ত ৬ হাজার ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি জুলাইয়ের ১৯ দিনে পাঁচ হাজার ১২৩ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে দুই হাজার ১২৯ জন। গত ১৯ দিনে আক্রান্তের হার ৪১.৫৫ শতাংশ। মোট ২৯ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৭৩ জন। জেলায় একজন কর্মরত সিভিল সার্জনসহ ৮৬ মারা গেছেন জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৫ জন কোভিড পজিটিভ রোগী ভর্তি আছেন। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩১ জন, দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ও  স্থানীয় ডায়াবেটিক হাসপাতালে একজন।

ফেনীর সিভিল সার্জন রফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় এক জন ও উপসর্গ নিয়ে আরও ৪ জনসহ মোট ৫ জন মারা গেছেন।