আবার রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, প্রতি ভরিতে বাড়ল ৭৩৪৮ টাকা

স্টার অনলাইন রিপোর্ট

দেশের বাজারে আবারও রেকর্ড ভাঙল স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায় বিক্রি হবে। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ থেকেই নতুন এই দর কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দরে প্রতি ভরি স্বর্ণের দাম আগের চেয়ে ৭ হাজার ৩৪৮ টাকা বেড়েছে, যা শতকরা হিসাবে ২ দশমিক ৮০ শতাংশ বেশি। এর আগে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়া এবং চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ২০০ ডলার ছাড়িয়ে গেছে। বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন।

বাংলাদেশে গত কয়েক বছরে স্বর্ণের দাম লাফিয়ে বেড়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে প্রতি ভরি স্বর্ণের দাম প্রথমবার ৫০ হাজার টাকা ছাড়িয়েছিল। পাঁচ বছরের মাথায় ২০২৩ সালের জুলাইয়ে তা ১ লাখ টাকা অতিক্রম করে। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বর্ণের ভরি দেড় লাখ টাকায় পৌঁছায় এবং একই বছর তা ২ লাখ টাকার মাইলফলকও ছাড়িয়ে যায়।