মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, ২ নাবিক আহত
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডে দুই নাবিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার মার্কিন সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন সামরিক সূত্র জানায়, রণতরীর প্রধান লন্ড্রি বা কাপড় ধোয়ার অংশে আগুনের সূত্রপাত হয়। আহত দুই নাবিক বর্তমানে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল।
সূত্র আরও জানায়, অগ্নিকাণ্ডে রণতরীর ইঞ্জিন বা চালনাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি, এটি সম্পূর্ণ কার্যক্ষম রয়েছে।
বর্তমানে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড এফ ফোর্ড। এটি ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নিতে লোহিত সাগরে অবস্থান করছে। রণতরীটিতে পাঁচ হাজারের বেশি নাবিক মোতায়েন আছেন ও ৭৫টিরও বেশি সামরিক বিমান রয়েছে, যার মধ্যে এফ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত।