সিনেমার প্লেব্যাকে এক অনন্ত অধ্যায় সাবিনা ইয়াসমিন
বাংলা সিনেমার গান মানেই কেবল সুর আর কথা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক মানুষের স্মৃতি। প্রেম, বিরহ, আনন্দ কিংবা বিষাদের অসংখ্য মুহূর্তে দর্শকের কাছে সেই স্মৃতির কণ্ঠ হয়ে উঠেছেন সাবিনা ইয়াসমিন। কয়েক দশক ধরে সিনেমার গানে তার কণ্ঠ এমনভাবে মিশে আছে যে, বাংলা চলচ্চিত্রের প্লেব্যাকের ইতিহাস থেকে তাকে আলাদা করে দেখা প্রায় অসম্ভব।
একজন প্লেব্যাক শিল্পীর কাজ কেবল গান গাওয়া নয়। পর্দার চরিত্রের আবেগকে নিজের কণ্ঠে ধারণ করে দর্শকের কাছে পৌঁছে দেওয়া। সাবিনা ইয়াসমিন সেই কাজটি করেছেন অসাধারণ দক্ষতায়। তাই তার গাওয়া অনেক গান কেবল জনপ্রিয় হয়নি, হয়ে উঠেছে বাংলা সিনেমার ইতিহাসের অংশ।
বাংলা গানের কিংবদন্তি এই শিল্পী পাঁচ দশকের বেশি সময়ের সংগীতজীবনে প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে দেড় হাজারের বেশি গান সিনেমার। সিনেমার গানে অবদানের জন্য তিনি পেয়েছেন ১৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম প্লেব্যাক করেন সাবিনা ইয়াসমিন। বড়দের জন্য তার প্রথম প্লেব্যাক ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায়। এ সিনেমার ‘মধুর জোছনা দীপালি’ গানটি তার প্লেব্যাক জীবনের গুরুত্বপূর্ণ শুরু।
তবে বড় ধরনের পরিচিতি আসে কাজী জহির পরিচালিত ‘অবুঝ মন’ সিনেমার ‘শুধু গান গেয়েই পরিচয়’ গানটির মাধ্যমে। আলতাফ মাহমুদের সুরে, গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটি তাকে সিনেমার গানের জগতে আরও শক্ত অবস্থান তৈরি করে দেয়।
১৯৭৫ সালে ‘সুজন সখী’ সিনেমার ‘সব সখীরে পার করিতে নেবো আনা আনা’ গানের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ২০ আলোচিত সিনেমার গান
১. ‘এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে’ গানটি ‘আলোর মিছিল’ সিনেমার। গানের সুরকার সত্য সাহা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
২. ‘একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে’ গানটি ‘মনের মত বউ’ সিনেমার। গানটির গীতিকার ও সুরকার খান আতাউর রহমান।
৩. ‘যদি আমাকে জানতে সাধ হয়’ গানটি ‘হারজিৎ’ সিনেমার। গানটির সুরকার সত্যসাহা। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।
৪. ‘মন যদি ভেঙ্গে যায় যাক’ গানটি ‘জোয়ার ভাট’ সিনেমার। গানটির গীতিকার ও সুরকার খান আতাউর রহমান।
৫. ‘অশ্রু দিয়ে লেখা এ গান’ এই গানটি ‘অশ্রু দিয়ে লেখা সিনেমার। গানটির সুরকার আলী হোসেন, গীতিকার মোহাম্মদ মমনিরুজ্জামান।
৬. ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটি ‘অবুঝ মন’ সিনেমার। গানটির সুরকার হলেন আলতাফ মাহমুদ, গীতিকার গাজী মাজহারুল।
৭. ‘গীতিময়, সেই দিন চিরদিন’ গানটি ‘ছন্দ হারিয়ে গেল’ সিনেমার। গানটির সুরকার আনোয়ার পারভেজ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
৮. ‘ফুলের মালা পরিয়ে দিলে’ গানটি ‘ময়নামতি’ সিনেমার। গানটির গীতিকার সৈয়দ শামসুল হক, সুরকার বশির আহমেদ।
৯. ‘চিঠি দিও প্রতিদিন’ গানটি ‘অনুরোধ’ সিনেমার। গানের সুরকার সত্যসাহা, গীতিকার গাজী মাজাহারুল আনোয়ার।
১০. ‘ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না’ গানটি ‘বন্দিনী’ সিনেমার। গানের সুরকার আলাউদ্দিন আলী, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
১১. ‘কেউ কোনদিন আমারে তো কথা দিলো না’ গানটি ‘সুন্দরী’ সিনেমার। গানটির সুরকার আলাউদ্দিন আলী, গীতিকার আমজাদ হোসেন।
১২. ‘আমি আছি থাকবো ভালবেসে মরবো’ গানটি ‘সুন্দরী’ সিনেমার। গানটির সুরকার আলাউদ্দিন আলী, গীতিকার আমজাদ হোসেন।
১৩. ‘দুঃখ ভালবেসে প্রেমের খেলা’ গানটি ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার। গানটির সুরকার আলাউদ্দিন আলী, গীতিকার আমজাদ হোসেন।
১৪. ‘শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে’ গানটি ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ সিনেমার। গানটির গীতিকার আবু হেনা মোস্তফা কামাল, সুরকার আলাউদ্দিন আলী।
১৫. ‘আমি রজনীগন্ধা ফুলের মত’ গানটি ‘রজনীগন্ধা’ সিনেমার। গানটির গীতিকার মাসুদ করিম, সুরকার আলম খান।
১৬. ‘চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর’ গানটি ‘নয়নমনি’ সিনেমার। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার সত্য সাহা।
১৭. ‘সে যে কেন এলো না’ গানটি ‘রংবাজ’ সিনেমার। গানের সুরকার আনোয়ার পারভেজ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
১৮. ‘ও চোখে চোখ পড়েছে যখনই’ গানটি ‘অনন্ত প্রেম’ সিনেমার। গানের সুরকার আজাদ রহমান, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
১৯. ‘এই মন তোমাকে দিলাম’ গানটি ‘মানসী’ সিনেমার। গানের সুরকার আনোয়ার পারভেজ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার
২০. ‘ও পাখী তোর যন্ত্রণা’ গানটি ‘অতিথি’ সিনেমার। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার সত্য সাহা।
১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেওয়া সাবিনা ইয়াসমিন আজ ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা রাখলেন। জন্মদিনে কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা।