‘পথহারা মন’ দেখে ১০ হাজারের বেশি দর্শকের মন্তব্য

স্টার অনলাইন রিপোর্ট

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ইউটিউব ফিল্ম ‘পথহারা মন’ দর্শকদের মধ্যে বেশ আলোচিত হয়েছে। ইউটিউব ফিল্মটি দেখে মন্তব্য করেছেন ১০ হাজারের বেশি দর্শক। তাদের অনেকেই প্রশংসা করেছেন গল্প, সংলাপ আর অভিনয়ের।

নাটকের গল্পে প্রেম, পরিবার আর বাবা-সন্তানের বিভিন্ন দৃশ্য দর্শকদের মন ছুঁয়েছে। এই নাটকে বাবার চরিত্রে জাহিদ হাসানের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।

গত ৩১ জুলাই বিকেলে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারিত হয় ‘পথহারা মন’। নির্মাতা রাজ জানান, মাত্র ৫ ঘণ্টা ৫৩ মিনিটে এর ভিউ দাঁড়ায় এক মিলিয়ন। একদিনে এটি ভিউ পেয়েছে চার মিলিয়ন (৪০ লাখ)। তিন দিনে এ সংখ্যা বেড়ে হয়েছে ছয় মিলিয়ন (৬০ লাখ)।

‘পথহারা মন’-এর মাধ্যমে আট বছর পর রাজের পরিচালনায় অভিনয় করলেন জাহিদ হাসান।

এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, তুষার মামুন, আকবর হোসেন। গল্প লিখেছেন জাকিয়া সুলতানা তৃষা। চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান ও রাজ।

‘পাপ’ শিরোনামের একটি গান রয়েছে ইউটিউব ফিল্মটিতে। এটি গেয়েছেন আরফিন রুমি। সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন মাহবুব রহমান।