কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান
এবার ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচ সিনেমার গান প্রকাশিত হয়েছে মাত্র কয়েকটি।
এবার সিনেমা মুক্তির কয়েকদিন আগে থেকে প্রকাশ পাচ্ছে নতুন গানগুলো। সে কারণে এখন পর্যন্ত একটা গানও শ্রোতাদের মাঝে সেভাবে সাড়া ফেলতে পারেনি।
তবে, গত কয়েক বছর ধরে সিনেমার গানের চিত্রায়নে পরিবর্তন এসেছে। এ ধারাবাহিকতায় এবার ঈদেও গানের চিত্রায়নে পরিবর্তনের ধারা অব্যাহত আছে।
প্রিন্স
শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান।
‘প্রিন্স’ সিনেমায় গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

রাক্ষস
সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমার ‘শুদ্ধতার প্রেম’ গানটি প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন তন্ময় পারভেজ। সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি।
'রাক্ষস' সিনেমার একটি আইটেম গান 'বিলেত রাজা'। গানটিতে সিয়ামের সঙ্গে বলিউড অভিনেত্রী নাতালিয়া পারফর্ম করেছেন।
গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জি এম আশরাফ। গানটি গেয়েছেন জি এম আশরাফ ও দোলা রহমান।
একই সিনেমার ‘তুমি ছাড়া’ শিরোনামে প্রেমের গানটিতে সিয়ামের সঙ্গে আছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। গানের ভিডিওতে তাদের মান-অভিমান, খুনসুটি আর একে অপরের প্রতি ভালোবাসার এক গভীর অনুভূতি ফুটে উঠেছে।
গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, গেয়েছেন ইমরান ও দোলা রহমান। গানটি সুরকার ইমরান।
দম
আফরান নিশো ও পূজা চেরি অভিনীত 'দম' সিনেমার 'কোথায় পাব তাহারে' গানটি প্রকাশ পেয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও পারশা মাহজাবীন।
গানটির কথা লিখেছেন ও সুর করেছেন পারশা মাহজাবীন। গানটি 'দম' সিনেমার প্রকাশিত প্রথম গান।
শাকিব খান অভিনীত ঈদের অন্যতম ‘প্রিন্স’ সিনেমার গান আইটেম গান 'জ্বালা জ্বালা' প্রকাশিত হওয়ার অপেক্ষায়। গানটি গেয়েছেন রুনা লায়লা ও প্রীতম হাসান। সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান, লিখেছেন রাসেল মাহমুদ।