গভীর রাতে ৪.৮ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমারে

স্টার অনলাইন রিপোর্ট

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, রাত ১২টা ১২ মিনিট ৫১ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৪৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে মিয়ানমারের ম্রক-ইউ অঞ্চল।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দুটি ভূমিকম্পের কথা উল্লেখ থাকার বিষয়ে জানতে চাইলে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, একটি ভূমিকম্পই হয়েছে। সফটওয়্যার কোম্পানির সঙ্গে কথা বলেছি। তারা যখন ম্যাপে দিয়েছিল, সেখানে ৪টা ১০ লেখা ছিল। কথা বলার পর তারা কারেকশন দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটেও কাছাকাছি সময়ে মিয়ানমারে একটি ভূমিকম্পের কথা উল্লেখ আছে, রিখটার স্কেলে যার মাত্রা ৪ দশমিক ৯।