বাড়তি দামে তেল বিক্রি ও অতিরিক্ত মজুদ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত

স্টার অনলাইন রিপোর্ট

বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি ও অতিরিক্ত মজুদ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চিঠি ইস্যুত করেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া এ চিঠিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছে। 

এ সংকট সমাধানে ইতোমধ্যে সরকার যানবাহনে তেল বরাদ্দের  তেলের পরিমাণ নির্ধারণ করেছে। 

এছাড়া, বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, অধিক মুনাফার লোভে অতিরিক্ত মজুদ, খোলা বাজারে বিক্রি, পাচারের প্রবণতা দেখা যাচ্ছে।

এ অবস্থায় জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ ও পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে চিঠিতে।

এদিকে, জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে বিপিসি।

চিঠিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের সঙ্গে কর্মীদের বাকবিতণ্ডা এবং বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় এসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।