দেশের সব পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত
বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ে সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয় থেকে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে বিপিসি।
অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।