জ্বালানির দামবৃদ্ধি

বাস-ট্রাকের নতুন ভাড়া জানা যাবে কাল

স্টার অনলাইন রিপোর্ট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে আগামীকাল সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বুধবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে সচিবালয়ে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নতুন ভাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামীকালের বৈঠকে সব অংশীজনের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাম্প্রতিক জ্বালানির দাম বৃদ্ধির পর পরিবহন মালিকদের পক্ষ থেকে ভাড়া সমন্বয়ের দাবির প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, ডিজেলের দাম বৃদ্ধি, মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি, পরিবহন যন্ত্রাংশের উচ্চমূল্য ও যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে।

তারা দ্রুত ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে গত রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে। 

তবে ওই বৈঠকেও কোনো সিদ্ধান্তে আসেনি।