এলএনজি সরবরাহ কম, ২৫ জুন পর্যন্ত তিতাস এলাকায় গ্যাসের চাপ কম থাকবে
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় আজ সোমবার রাত থেকে আগামী ২৫ জুন পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের সংযোগে গ্যাসের স্বল্পচাপ থাকবে।
আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানিটি জানায়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাসের আওতাভুক্ত এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব ধরনের গ্রাহক গ্যাসের চাপ কম পাওয়ার সম্মুখীন হতে পারেন।
তবে এলএনজি সরবরাহ কেন কমেছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাসের সেবা এলাকা ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় বিস্তৃত। স্বল্পচাপের কারণে বিপুলসংখ্যক গ্রাহকের দৈনন্দিন কার্যক্রম ও শিল্প উৎপাদনে প্রভাব পড়তে পারে।