খান জাহান আলী মাজারের কুমিরটিকে সরিয়ে নেওয়া হলো খুলনায়

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে থাকা একমাত্র কুমিরটিকে অপসারণ করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার সকালে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়ে দিঘির পূর্ব পাড় থেকে কুমিরটিকে আটক করেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার রাতে ৮ বছর বয়সী এক শিশুকে দিঘির পানিতে টেনে নিয়ে যায় কুমিরটি। পরে গতকাল তার মরদেহ উদ্ধার করা হয়। এর পরই নিরাপত্তার স্বার্থে কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ সকাল সাড়ে ১০টার দিকে পুকুরের পূর্ব পাড়ে কুমিরটিকে দেখতে পান কর্মকর্তারা। দুপুর ১২টার দিকে খাবারের টোপ ব্যবহার করে তারা কুমিরটিকে বেঁধে ফেলতে সক্ষম হন। পরে বন বিভাগের সদস্যরা কুমিরটিকে একটি গাড়িতে তুলে খুলনার উদ্দেশে রওনা দেন।

ইউএনও আতিয়া খাতুন বলেন, ‘জননিরাপত্তার স্বার্থেই কুমিরটিকে সরিয়ে খুলনার বয়রায় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে।’

‘কুমিরটি ভবিষ্যতে কোথায় রাখা হবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে,’ বলেন তিনি।