‘প্রকৃতিমঙ্গল’ হাটে পরিবেশবান্ধব টেকসই জীবনযাপনের বার্তা
বর্তমান যান্ত্রিক জীবনের প্রতিযোগিতায় আমরা যখন সারাক্ষণ চাকচিক্যময় নানা জিনিসপত্রের প্রলোভনে থাকি, তখন পরিবেশ সচেতনতা ও টেকসই জীবনযাপনের বার্তা নিয়ে ঢাকায় শুরু হয়েছে ভিন্নধর্মী আয়োজন ‘প্রকৃতিমঙ্গল হাট’।
এই আয়োজনে থাকছে দৈনন্দিন প্রয়োজনীয় কৃষি ও প্রসাধনী পণ্য, পাশাপাশি মিলবে প্রকৃতির সঙ্গে সংযোগের সুযোগ।
রাজধানীর আসাদগেট সংলগ্ন তানিন সেন্টারে ৩ দিনের এই হাট আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার থেকে আগামী রোববার পর্যন্ত তানিন সেন্টারের নবম তলায় প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রকৃতিমঙ্গল হাটে প্রাকৃতিক কৃষি পণ্য, দেশি জাতের চাল, পরিবেশবান্ধব প্রসাধনী, পোশাক, গয়না, মাটির জিনিসপত্রের পাশাপাশি থাকছে গাছের বিশাল সমাহার।
হাটে অংশ নিচ্ছে প্রাকৃতিক কৃষি, দেশি জাতের চালের হাট, বনকুসুম, বনবীথি, হরপ্পা, অনুসিতা, উড়ুক্কু, অন্তবিহীন, ইকরিমিকরি (শিশুতোষ বই), বাতিঘর (প্রকৃতি-পরিবেশ বিষয়ক বই), হোম ডেকো, অ্যাক্টিনস্টিড আর্সেনাল ও ক্রাঞ্চ অ্যান্ড সিপসহ আরও অনেক প্রতিষ্ঠান।
এছাড়া, একবার ব্যবহৃত সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্য কিনতে আগতদের উৎসাহিত করা হবে এখানে।
এছাড়াও হাটে থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। ‘বটতলা’র পরিবেশনায় শিশুদের নাটক ‘ফাংসাং’, মাভৈ ও বেতাল ব্যান্ডের সংগীত পরিবেশনা দর্শকদের জন্য বাড়তি আনন্দ যোগ করবে।
আয়োজকদের মতে, চেনা বাস্তবতায় যেখানে চারপাশে শুধু পণ্য কেনার প্রলোভন, সেখানে এই হাট মানুষকে একটু সচেতনভাবে জীবনযাপন করতে শেখাবে।