যশোর থেকে রাজশাহী পর্যন্ত জমছে মেঘ, বৃষ্টি ভেজাবে ঈদ আনন্দ
প্রকৃতির নিয়ম মেনেই মার্চ থেকে শুরু হয়েছে কালবৈশাখী। হঠাৎ আকাশে কালো মেঘ জমে নামছে বৃষ্টি। সঙ্গে কখনো থাকছে ঝড়ো বাতাস, কখনো বজ্র।
এই সময়ে বৃষ্টি হয় সাধারণত লঘুচাপের প্রভাবে। ভারতের দিল্লি থেকে শুরু করে বাংলাদেশের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয় লঘুচাপ। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে।
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প নিয়ে দক্ষিণ-পশ্চিমা বাতাস দেশে প্রবেশ করছে এবং উত্তরের হালকা বাতাসে মিশে উপরে উঠে গিয়ে মেঘ তৈরি করছে। এই মেঘের প্রভাবেই ঝরছে বৃষ্টি ও বজ্রবৃষ্টি। সেই সঙ্গে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। বঙ্গোপসাগর ছাড়াও ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর, কৃষ্ণসাগর ও পারস্য উপসাগর থেকে বাষ্পীভবনের মাধ্যমে আর্দ্রতা যোগ হয়।
আজ শুক্রবার রাতেও এই প্রতিবেদন লেখার সময় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, রাজশাহী, পাবনা, যশোর ও কুষ্টিয়ায় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে সরতে থাকবে।’
তার মতে, আগামী চার-পাঁচ ঘণ্টায় আরও আট থেকে ১০টি জেলায় বৃষ্টি হতে পারে।
লঘুচাপের হালকা বাতাস ও দক্ষিণ-পশ্চিম থেকে আসা আর্দ্র বাতাস যেখানে মেশে, মোটাদাগে সেই জায়গাকে বলা হয় স্পয়েল লাইন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের বর্ধমান ও যশোরের কৃষ্ণনগর থেকে শুরু করে মালদা ও রাজশাহী পর্যন্ত এই লম্বা অঞ্চলে মেঘ জমছে।
এছাড়া লঘুচাপের প্রভাবে ভারতের দিল্লি, লখনৌয়ের দক্ষিণে অঞ্চল ও হরিয়ানায় বৃষ্টি ঝরছে।
যোগাযোগ করা হলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির ডেইলি স্টারকে বলেন, ‘প্রাক-মৌসুমি বায়ুর এ সময়ে হঠাৎ করে বৃষ্টি শুরু হতে পারে। ঈদের দিনও বিক্ষিপ্তভাবে প্রায় সারা দিনই বৃষ্টি হবে। তবু সকালে বৃষ্টিপাত কিছু কম থাকবে বলে আমরা আশা করছি। দুপুরের পর বিকেল বা সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।’
পূর্বাভাস অনুসারে, আগামী রোববার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
‘ধারণা করা হচ্ছে, ২৩ তারিখ থেকেই বৃষ্টিপাতের প্রবণতা কমতে শুরু করবে,’ বলেন কবির।
নাজমুল আরও বলেন, ‘ঢাকায় হালকা বৃষ্টি থাকতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনার কিছু অংশ, সিলেট ও ময়মনসিংহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।’