কেন এত গরম, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

স্টার অনলাইন রিপোর্ট

দিনের শুরুতেই আজ ভ্যাপসা গরম। রোদের মেজাজও বেশ চড়া।

আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাগুলো জানাচ্ছে, রাজধানীর ঢাকার আকাশের প্রায় ৭০ শতাংশ জুড়ে রয়েছে মেঘ। তবে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই।

আবহাওয়াবিদদের মতে, দুই কারণে ভ্যাপসা গরমের অনুভূতি হচ্ছে। একটি হলো বৃষ্টি না থাকা, অন্য কারণ—বাতাসে আর্দ্রতার আধিক্য।

আজ সোমবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

যোগাযোগ করা হলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বর্ষা প্রায় শেষের দিকে। ফলে বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে।’

তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টি হলেও দক্ষিণাঞ্চল একেবারেই নেই।

আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৪৮ মিলিমিটার। এছাড়া, রংপুরে ৪৩ শতাংশ, নারায়ণগঞ্জে ১৮, ঢাকায় ১৪, বাঘাবাড়ীতে ১৩ ও শ্রীমঙ্গলে ১২ শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এই সময়ে কেবল মোংলায় ২ ও যশোরে ১ শতাংশ বৃষ্টি হয়েছে।

গত সন্ধ্যায় ফেনী ও রামগতিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি।

অধিদপ্তর আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩ দশমিক ৮ ডিগ্রি।

কবির বলেন, ‘আগামীকাল, পরশু ও তার পর দিন প্রায় সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

‘তার পরে হয়তো আবার বৃষ্টি কমতে শুরু করবে,’ বলেন এই আবহাওয়াবিদ।