৩ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

স্টার অনলাইন রিপোর্ট

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস আরও বলছে, কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ভেতরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকতে পারে। ফলে আজ বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে অতি ভারী বর্ষণ বিবেচনা করা হয়।

দৈনিক পূর্বাভাস অনুসারে, রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।