বৃষ্টিতেও স্বস্তি নেই, বাড়বে গরমের অনুভূতি

স্টার অনলাইন রিপোর্ট

বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আগামী কয়েক দিনে গরমের অনুভূতি বাড়বে। এই সময়ে থাকবে ভ্যাপসা গরম।

আজ রোববার দুপুরে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

তিনি বলেন, আগামী কয়েক দিন গরমের অনুভূতি বাড়বে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় থাকবে ভ্যাপসা গরম।

এই আবহাওয়াবিদ আরও বলেন, আগামী দুই থেকে তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টি থাকবে, অন্যান্য বিভাগে বৃষ্টি কমে যাবে।

তাপপ্রবাহ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সোমবার পর্যন্ত এখনকার মতোই অবস্থা থাকবে। এরপর তাপপ্রবাহের এলাকা বাড়বে।

ঢাকায় আজ ৬ ঘণ্টায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানান আবহাওয়াবিদ নাজমুল হক।

এদিকে আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।